স্মৃতি চিহ্ন
অবসরের ফাঁকে মোবাইল ঘাঁটছিলাম, অপ্রয়োজনীয় ছবিগুলো ডিলিট করছিলাম একে একে। হঠাৎ একটি ছবি চোখে পড়তেই বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। থমকে গেলাম। শত শত ছবির ভিড়ে এটিই যেন সবচেয়ে মূল্যবান, সবচেয়ে আপন।
এই ছবির সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের এক অপূর্ব সময়—সেই কিছু মুহূর্ত, যা মনে পড়লেই হৃদয় নরম হয়ে আসে, চোখে জল জমে। আজ ঠিক একমাস হতে চলল—গেল মাসের এই দিনেই তাঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন স্বপ্নের মতো।
সেই সময়, সেই স্থান—সবকিছু এতটা নিখুঁত ছিল যে মনে হচ্ছিল, আমি যেন এক টুকরো স্বর্গে আছি। এমন অনুভব, এমন ভালোবাসা জীবনে ক’বারই বা আসে?
এই ছবি তাই শুধু একটি ছবি নয়, বরং আমার জীবনের সবচেয়ে মুল্যবান অনুভবের স্মারক। এটা কখনও ভুলে যাওয়া সম্ভব নয়… হবেও না।
আজ কতদিন হয়ে গেল—না কথা হয়, না দেখা হয়, না একটুখানি চ্যাট!
নীরবতার এই দূরত্বটা যেন দিনকে দিনে আরও গভীর হয়ে উঠছে।
যদি আগে জানতাম—ভুলের ক্ষমা হয় না,
একটি ভুলের এমন চড়া মূল্য দিতে হয়,
তাহলে বনি আদম হয়ে জন্মাতাম না কখনও।
হয়তো এলিয়েন হতাম—অনুভূতিহীন, ভুলের ঊর্ধ্বে।
অথবা ফেরেস্তা হয়ে আসতাম—নির্ভুল, নিঃস্পাপ।
কিন্তু দুর্ভাগ্য, আমি তো শুধু এক মানুষ,
ভুল করেছি—তবু ভালোবেসেছি নিঃস্বার্থভাবে।
Comments
Post a Comment